নতুন দুই কোচ নিয়োগ দিল বাংলাদেশ



বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স। অন্যদিকে বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তী স্পিনার রঙ্গনা হেরাথ। আজ শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।


জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে আকরাম খান বলেন, ‘আমাদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। খেলোয়াড় হিসেবে তার রেপুটেশন অনেক ভালো। একই সঙ্গে কোচের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা ওকে নিয়েছি। কোচ ওকে খুব হাইলি র‌্যাঙ্ক করেছে। ওকে আমরা এই সিরিজটার জন্য নিয়েছি। তারপর আমরা দেখে ভবিষ্যতের কথা চিন্তা করবো।’




 

অন্যদিকে স্পিন কোচ হিসেবে রঙ্গনা হেরাথকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আকরাম খান। এ বিষয়ে বিসিবির এই পরিচালক বলেন, ‘স্পিন কোচ হিসেবে হেরাথকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি। ওদের পারফরম্যান্স দেখে যদি পছন্দ হয় আমরা লম্বা সময়ের জন্য যাব। কোভিডের জন্য কোচ নেওয়া খুব কঠিন। কোচরা কিন্তু অ্যাভেইলেবল নয়। সব দিক থেকে চিন্তা-ভাবনা করে আমরা শর্ট টাইমের জন্য নিয়েছি। যদি ওরা ভালো করে, তাদের দিয়েই কন্টিনিউ করানো হবে।’


অ্যাশওয়েল প্রিন্স দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটে ১১৯ ম্যাচ খেলেছেন। ৪৪ বছর বয়সি প্রিন্সও কোচিং লেভেলের থ্রি শেষ করেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকার এ দলের ব্যাটিং পরামর্শক এবং অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। জন লুইসের জায়গায় যুক্ত হলেন প্রিন্স। শ্রীলঙ্কা সিরিজের পর ইংলিশ কোচের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি।


৪৩ বছর বয়সী হেরাথ ২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান। ক্যারিয়ারে তিনি ৯৩ টেস্ট ম্যাচে ৪৩৩ উইকেট শিকার করেন। এছাড়াও ৭১টি একদিনের ম্যাচে ৭১টি উইকেট শিকার করেন তিনি। ২০১৪ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন হেরাথ। ১৭টি-টোয়েন্টিতে তার উইকেট ১৮টি। প্রথম শ্রেণির ক্রিকেটেও তার রেকর্ড ঈর্ষণীয়। ২৭০ ম্যাচে পেয়েছেন ১০৮০ উইকেট। 



0 মন্তব্যসমূহ