ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রিজার্ভ ডে রোমাঞ্চ ছড়িয়েছে। যেখানে ৮ উইকেটের জয়ে শ্রেষ্ঠত্ব নিউজিল্যান্ডের। ১৩৯ রানের টার্গেট উইলিয়ামসন-টেইলের ব্যাটে সহজেই টপকেছে ব্ল্যকক্যাপস। মেলবোর্ন-লর্ডসের আক্ষেপ এবার সাউদাম্পটনে ঘুচিয়ে বড় স্বস্তি কিউইদের।


মেলবোর্ন, লর্ডসের আক্ষেপ ঘুচলো সাউদাম্পটনে, রোজ বোলে নিউজিল্যান্ডের হাতে টেস্টের শ্রেষ্ঠত্ব, আইসিসি ইভেন্টে ব্ল্যাকক্যাপসের দ্বিতীয় সাফল্য। উইলিয়ামসনের দলের জন্য স্পেশাল। অন্যদিকে মন খারাপ ভারতের, আরো একবার মেগা মঞ্চে হতাশা ভিরাট কোহলির।

কঠিন পথ পাড়ি দিয়ে দুই’দল আসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, বেরসিক বৃষ্টি হয়ে ওঠে কেন্দ্রীয় চরিত্র। নির্ধারিত রিজার্ভ ডে অবশ্য রোমাঞ্চ ছড়িয়েছে। পঞ্চম দিনে ২ উইকেটে ৬৪ করা ভারত, আটকে যায় ১৭০ রানে। পূজারা, কোহলি, রাহানেরা ধরাশায়ী কিউই পেইস তাণ্ডবে। রিশব পান্তের ৪১-ই সর্বোচ্চ। সাউদির শিকার চার উইকেট, বোল্টের অ্যাকাউন্টে তিনটি।


১৩৯ রানের টার্গেট, তখনও বাকি পঞ্চাশ ওভারের বেশি। ল্যাথাম-কনওয়েকে অল্পতে ফিরিয়ে আশার সঞ্চার করেন অশ্বিন। ডিআরএস নিয়ে বেঁচেছেন উইলিয়ামসন। ক্যাচ মিসে হতাশা তীব্র হয়েছে কোহলিদের। দুই সিনিয়র টেইলর-উইলিয়ামসন দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন, লেগেছে ৪৫ ওভার ৫ বল। প্রতিকূল পরিস্থিতিতে ফিফটি অধিনায়কের। টেইলর অপরাজিত ৪৭ রানে।

এই অর্জন নিউজিল্যান্ডকে দিয়েছে মহাস্বস্তি, শাপমুক্তির আনন্দ।